মত প্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন নাগরিকের মৌলিক অধিকার হরণ করবে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনটি বলেছে, যে রাষ্ট্রে মানুষ নির্ভয়ে কথা বলতে পারে না, সে রাষ্ট্রে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় এমন কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের ওপর গুরুতর হুমকি সৃষ্টি করবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অধিকার আয়োজিত ‘মত প্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক এক আলোচনা সভায় লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরেন অধিকারের অ্যাডভোকেসি ডিরেক্টর তাসকিন ফাহমিনা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, নিউএজ পত্রিকার উপ-সম্পাদক শহিদুজ্জামান শহিদ, সংসদ সদস্য ও এনসিপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান), এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও নারী উদ্যোক্তা সাথী আক্তার। অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও আইসিটি আইনের মাধ্যমে সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার ওপর যে নির্যাতন চালানো হয়েছে, বাংলাদেশে এ ধরনের ঘটনা আর ঘটতে দেয়া যাবে না। সাইবার সুরক্ষা আইন যেন মত প্রকাশের স্বাধীনতা হরণের কারণ হয়ে না দাঁড়ায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, গত ১৫ বছর মত প্রকাশ ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অধিকার সবচেয়ে সোচ্চার ছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের যত ঘটনা ঘটেছে, অধিকার সেগুলোর সঙ্গে নিবিড়ভাবে থেকে প্রতিবাদ করেছে। এ কারণে সংগঠনটিকে অসংখ্য নির্যাতন ভোগ করতে হয়েছে। আলোচনা সভা থেকে সরকারের প্রতি একাধিক সুপারিশ তুলে ধরে সংগঠনটি। এর মধ্যে রয়েছে- সংবিধান ও আইসিসিপিআর অনুযায়ী প্রত্যেক নাগরিকের মত প্রকাশ ও বাকস্বাধীনতা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার কারণে নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধ করা এবং ‘গুজব’ ও ‘অপতথ্য’কে অপরাধ হিসেবে গণ্য করার বিধান থেকে বিরত থাকা। খসড়া সাইবার সুরক্ষা আইন, ২০২৬ থেকে নিবর্তনমূলক ধারাগুলো বাতিলেরও সুপারিশ করেছে সংগঠনটি।
আলোচনা সভায় সৈয়দ আবদাল আহমেদ বলেন, একটি বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য জুলাইযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আজকের আলোচনা সভায় সাথী আক্তারের বক্তব্য শুনে আমি মর্মাহত হয়েছি। জুলাই বিপ্লবের পর এ ধরনের ঘটনা আর ঘটা উচিত ছিল না। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে প্রত্যাশা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ২০২৬ সালে এসে এই ধরনের আলোচনার প্রয়োজনই ছিল না। তবে কেন আমরা এই আলোচনা করছি, সেটাই বড় প্রশ্ন। জাহেদ চৌধুরী বলেন, সাথী আক্তারের ঘটনার বর্ণনা এবং অধিকারের ভুক্তভোগীদের তালিকায় বর্তমান সরকারের আমলে অন্তর্ভুক্ত চারজনের মধ্যে তার নাম আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে আগে ঘটনাটি এসেছে। তবে আজ তার মুখ থেকে বিস্তারিত শুনে আরও অনেক কিছু জানা গেছে। এখানে স্পষ্টতই একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। যারা এ অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া উচিত ছিল। তার কোনো বক্তব্য সরকারের কাছে আইনবিরোধী মনে হলে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেত। কিন্তু তা না করে উল্টো তাকে হয়রানি করা হয়েছে।
তিনি আরও বলেন, সাথী আক্তার ক্ষোভের মুখে স্ট্যাটাস দিয়েছিলেন এবং তাকে বলা হলে সেটি প্রত্যাহারও করতেন। অথচ ওই স্ট্যাটাসের কারণে তার সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারকে সতর্ক করে জাহেদ চৌধুরী বলেন, আপনারা যে পথে হাঁটছেন, তা একসময় আপনাদের জন্যই বুমেরাং হয়ে আসবে। এখন হয়তো প্রধানমন্ত্রীর বা সরকারের হস্তক্ষেপে কয়েকজন মুক্তি পেয়েছেন। কিন্তু ঘটনাগুলো ঘটেছে। সময়ের সঙ্গে সরকারের সমালোচনা, অন্যায়, দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনা বাড়বে। তখন এসব আইনের অপপ্রয়োগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একই ভুল আমরা বারবার করছি। একই ভুল করলে একই খাদে পড়তে হবে, একই ভোগান্তি পোহাতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ হওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সেই সক্ষমতা আপনাদের নেই। ক্ষমতার চেয়ারে বসে অতীতের ভুল ভুলে যাবেন না। তারেক রহমানের সমালোচনা কেন করা যাবে না? সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন আইনসহ চারটি ত্রুটিপূর্ণ আইন করে নতুন করে নাটক শুরু করেছেন। এই আইনগুলোর পরিণতি বিএনপিকেই ভোগ করতে হবে। অতীত থেকে শিক্ষা নিন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে তৈরি করা আইনটি পুনরায় অনুমোদন করুন এবং ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন করুন।
সাথী আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। সেখানে ১০ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছি। একের পর এক চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছিলাম। কিন্তু এ ঘটনায় বিএনপি’র নেতাকর্মীরা আমাকে প্রকাশ্যে মারধর, গালিগালাজ ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমার মোবাইল কেড়ে নেয়া হয়, ওড়নাও খুলে যায়। অথচ আমি কোনো অপরাধ করে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলেই পারতো। একজন নারী উদ্যোক্তাকে এভাবে প্রকাশ্যে নির্যাতন করার অধিকার কারও নেই। আমার প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে।
