‘ভিএআরকে ঘৃণা করি’, বাংলাদেশকেই ফেভারিট মানছেন নওশাদ

‘ভিএআরকে ঘৃণা করি’, বাংলাদেশকেই ফেভারিট মানছেন নওশাদ

ফন্ট সাইজ:

ভিএআর নিয়ে যেন আক্ষেপের শেষ নেই ভারতের কোচ নওশাদ মুসার। ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে দু’বার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলেছে। একবার ভুটানের গোলের স্বীকৃতি মিলেছে, অন্যবার পেনাল্টি পেয়েও তা হারিয়েছে ভারত। দুই সিদ্ধান্তেই অস্বস্তিতে পড়ে ভারতীয় শিবির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই রসিকতা করেই নওশাদ বললেন, ‘জানি না, কোনোভাবেই আমার এটা ভালো লাগেনি। একটি গোল আর একটি পেনাল্টি। তাই আমি ভিএআর ঘৃণা করি।’ তবে ভিএআর নিয়ে এমন মন্তব্যের পরই অবশ্য সুর পাল্টেছেন ভারতীয় কোচ। সাফে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগকে ভালো বলেই উল্লেখ করেছেন তিনি। এমনকি পরের ম্যাচে ভিএআর ভারতের পক্ষেও কাজে লাগতে পারে বলে আশাবাদী নওশাদ। শনিবার ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে ভারত। বিষ্ণু ও অধিনায়ক চিংলেনসানা সিংয়ের গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারত। ভুটান এক গোল শোধ করে ম্যাচে ফেরার পর শেষ পর্যন্ত জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বাঁশি পর্যন্ত। ভারতের এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই নওশাদ স্বীকার করেন, দ্বিতীয়ার্ধে দলের খেলার মান আরও ভালো হওয়া উচিত ছিল।
তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, দ্বিতীয়ার্ধেও সেভাবে খেলতে পারতাম। প্রথমার্ধে যতগুলো সুযোগ তৈরি করেছি, সেগুলো কাজে লাগিয়ে গোল করা জরুরি ছিল। তা না হলে ম্যাচ কঠিন হয়ে যায়। এক গোলের ব্যবধান থাকলে সবসময়ই সমস্যা তৈরি হয়।’ ফাইনালে ওঠার পর ভারতকে টুর্নামেন্টের হট ফেভারিট মনে করেন কি না, এমন প্রশ্নে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন নওশাদ। তার মতে, নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই এগিয়ে থাকবে। তিনি বলেন, ‘আমি সবসময়ই বলি, নির্দিষ্ট দিনে দল কেমন পারফর্ম করছে সেটাই আসল। আপাতত নিশ্চিতভাবেই বাংলাদেশকে ফেভারিট মনে করা হচ্ছে। কে জানে, আমি হয়তো কৌশলে কিছু পরিবর্তন আনবো। অথবা আমার খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলবে।’

১৯৯৭ সালে খেলোয়াড় হিসেবে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতিও সংবাদ সম্মেলনে ফিরে আসে নওশাদের। সেবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল ভারত। খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের পর এবার কোচ হিসেবে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান তিনি। নওশাদ বলেন, ‘১৯৯৭ সালের আসরটি আমার জন্য মধুর স্মৃতি। খেলোয়াড় হিসেবে সাফ জিতেছি, এখন কোচ হিসেবে জিততে চাই। আশা করি এবারও শিরোপা জিততে পারব।’ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নাকি পাকিস্তান-কাকে চান, এমন প্রশ্নে অবশ্য কোনো দলকেই বেছে নিতে রাজি হননি ভারতীয় কোচ। তাঁর সোজাসাপটা উত্তর, ‘যে কোনো দলের বিপক্ষেই খেলতে ভালোবাসব। আমি এভাবে বলতে পারি না যে পাকিস্তানকে চাই কিংবা বাংলাদেশকে চাই। আমি ফুটবল খেলতে ভালোবাসি।

প্রতিপক্ষ বাংলাদেশও হতে পারে, পাকিস্তানও হতে পারে।’ সাফের ফুটবলের মান নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন নওশাদ। বিশেষ করে ভুটানের তরুণ ফুটবলারদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। অরুণাচলে অনূর্ধ্ব-২৩ ত্রিদেশীয় টুর্নামেন্টে এই খেলোয়াড়দের বিপক্ষে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নওশাদের বিশ্বাস, আগামী দুই-তিন বছরে ভুটান আরও শক্তিশালী দল হয়ে উঠবে। পাকিস্তানের ফুটবলের উন্নতির কথাও তুলে ধরেন তিনি। নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে নওশাদ বলেন, ‘আমার খেলার সময়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলে অনেক নির্ভার থাকতাম। মনে হতো, পাকিস্তানের সঙ্গে খেলছি। কিন্তু আজকের পাকিস্তান আর আগের মতো নেই। তারা এখন অনেক, অনেক ভালো দল।’