বাংলাদেশকে সমীহ করছেন বাভুমা

বাংলাদেশকে সমীহ করছেন বাভুমা

ফন্ট সাইজ:

গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারায় নাজমুল হোসেন শান্তের দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন চ্যালেঞ্জে পড়তে পারে স্বাগতিক শিবির। সেটি মানেন বাভুমা। বাংলাদেশের সামপ্রতিক পারফরম্যান্স এবং বোলিং আক্রমণকে গুরুত্ব দিয়ে সিরিজ শুরুর আগে বাংলাদেশকে সমীহ করছেন তিনি। বাভুমা বলেন, ‘আমরা তাদেরকে অনেক সম্মান করছি। অস্ট্রেলিয়ায় গিয়ে তারা অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল। এখানেও তাদের দলে এমন কিছু বোলার আছে যারা কার্যকর হতে পারে এবং আমাদের ব্যাটারদের চাপে ফেলতে পারে। নিজেদের বোলারদের বিপক্ষে খেলে আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েছি।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চলমান ২০২৫-২০২৭ চক্রে ফাইনাল খেলার পথে ফেবারিট তারা। পয়েন্ট টেবিলের দুইয়ে প্রোটিয়ারা। তাদের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামছে বাংলাদেশ দল। ম্যাচের উইকেট পেস সহায়ক হলেও স্পিনাররা ভূমিকা রাখতে পারেন বলে দাবি বাভুমার। তিনি বলেন, ‘আসলে এখানে অনেক গরম, ফলে ম্যাচের শেষ দিকে স্পিনাররা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে। পেসাররা এখানে বরাবরই উইকেটশিকারী। ফলে খুব বেশি ভিন্ন কিছু হবে না আশা করি। গরমের কারণে উইকেট বেশি শুষ্ক থাকতে পারে এবং স্পিনাররা পরে খেলায় ভূমিকা রাখতে পারে।’ বিশেষ করে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে দক্ষিণ আফ্রিকা। তিনি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে ডানহাতি অফ স্পিন আমার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। এই সিরিজে মিরাজকে সামলানোটাও তেমনই হতে যাচ্ছে।

তবে আমি নিজের খেলাতেই বেশি মনোযোগী।’ বাংলাদেশ সিরিজের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বাভুমার। তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজে চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখা এবং সাথে দল হিসেবে আরও উন্নতি করা। জরুরি ব্যাপার হচ্ছে, সামনে কী আছে সেদিকেই বেশি মনোযোগ দেয়া। আমরা প্রক্রিয়ার দিকে মনোযোগ দিচ্ছি। সাথে যা অর্জন করতে চাই সেগুলো যেন অর্জন করতে পারি।’ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের উইকেট পেসবান্ধব। এখানে পেসারদের উইকেট শিকারের হার প্রায় ৭৭ শতাংশ। তবে ম্যাচের শেষদিকে স্পিনাররাও কার্যকরী ভূমিকা রাখতে পারেন, সেই কথাও মনে করিয়ে দেন বাভুমা। তিনি বলেন, ‘পিচ দেখে স্বাভাবিক ওয়ান্ডারার্স উইকেটই মনে হচ্ছে, যেখানে পেসারদের জন্য বরাবরই সাহায্য থাকে। তবে অতিরিক্ত গরমের কারণে উইকেট শুষ্ক থাকতে পারে এবং ম্যাচের শেষ দিকে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ জোহানেসবার্গ টেস্ট শুরুর একদিন আগেই দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দুই বছর পর প্রোটিয়া দলে ফিরেছেন জুবাইর হামজা। বাভুমার নেতৃত্বে দলে ব্যাটার হিসেবে আছেন এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। অলরাউন্ডার হিসেবে খেলবেন মার্কো ইয়ানসেন। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তার সঙ্গে পেস বিভাগে থাকছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন সাইমন হারমার।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পেটারসন।