সেঞ্চুরি করার আগমুহূর্তে যেন কিছুটা নার্ভাস! ৯৯ থেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে খেলেন ৬ বল। শেষ পর্যন্ত পেসার মোহর শেখের বল ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত । সাত বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন এ ডানহাতি ব্যাটার।
সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহের হয়ে ব্যাট হাতে বুক চিতিয়ে লড়ছেন মোসাদ্দেক। ১৯১ রানে ৭ উইকেট হারানো ময়মনসিংহকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। সতীর্থদের আসা যাওয়ার ভিড়ে এক প্রান্ত আগলে রেখে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ২০১৮ সালে বিসিএলের পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। তার অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানে প্রথম দিন শেষ করে ময়মনসিংহ। দলের আর কোনো ব্যাটার ফিফটিও পাননি। মোসাদ্দেকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন আল আমিন জুনিয়র। অষ্টম উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে অবিচ্ছিন্ন ১৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক। আলোকস্বল্পতায় প্রথম দিন মাঠে গড়ায় ৭৭ ওভার।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০৩ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছে বরিশাল। ১৫২ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে ৫১ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ ও কামরুল ইসলাম। বরিশালের ব্যাটারদের মধ্যে শুধু ফজলে মাহমুদ ফিফটি পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৪৩ তম ফিফটি। ১৫৬ বল খেলে ৬৮ রান করে দিন শেষে অপরাজিত ফজলে মাহমুদ। তাকে সঙ্গ দেয়া কামরুল ইসলাম অপরাজিত ১৬ রানে। সিলেটের হয়ে দুটি করে নেন আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ। আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে ২৮৮ রানে অলআউট চট্টগ্রাম। দলটির ওপেনার সাদিকুর রহমান খেলেন ৫৮ রানের ইনিংস। সাতে নামা শাহ পরানের ব্যাট থেকে আসে ৭৮ রান। এ দুজনের ব্যাটে ভর করে তিনশো ছুঁইছুই সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। ঢাকার হয়ে সুমন খান তিন ও সালাউদ্দীন শাকিল দুই উইকেট পেয়েছেন। প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান করে ঢাকা।
আল বিন সিদ্দিক ৬ ও আনিসুল ইসলাম ১৪ রান করে অপরাজিত। সিলেটের একাডেমি মাঠে প্রথম ইনিংসে খুলনার বিপক্ষে বড় সংগ্রহের পথে রংপুর। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করে তারা। ওপেনার মিম মোসাদ্দেক ৫৪ রান করেন। এবারের জাতীয় লীগে ১৩ ইনিংসে আটবার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন তিনি। রংপুরের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ফিফটি পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেনও। দুটি করে উইকেট করে নেন খুলনার সফর আলী ও শেখ পারভেজ। এই ম্যাচ জিতলে বা ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে খুলনা।
