গ্রুপ সেরার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড

উয়েফা নেশনস লীগ

গ্রুপ সেরার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড

ফন্ট সাইজ:

উয়েফা নেশনস লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রাতে মাঠে নামছে দুই শক্তিশালী দল স্পেন ও ইংল্যান্ড। দুদলের লড়াইয়ের কেন্দ্রে গ্রুপসেরা হওয়ার হিসাব। স্পেনের বিপক্ষে জিতলেই গোল ব্যবধানে চূড়ায় আরোহণ করবে ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচের রোমাঞ্চে জমে উঠেছে নেশনস লীগের হিসাব-নিকাশ। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত পৌনে ২টায়। দুই দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে স্পেনের প্রয়োজন অন্তত একটি ড্র। অন্যদিকে শীর্ষে উঠতে হলে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। বৃহস্পতিবার ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে থমাস টুখেলের দল। মরগান রজার্সের গোলের পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। এ ম্যাচেই ইংল্যান্ডের হয়ে ১২৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েন কেইন। ইংল্যান্ডের সামনে অবশ্য সমীকরণটা বেশ পরিষ্কার। যেকোনো ব্যবধানের জয়ই তাদের গ্রুপসেরা করতে পারে। এক গোলের জয়েও সামগ্রিক গোল ব্যবধানে স্পেনকে (+১২) ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে থ্রি লায়নদের (+৯)। তবে স্বাগতিকদের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। লুইস দে লা ফুয়েন্তের দল পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে গ্রুপে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সর্বশেষ চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও নেশনস লীগ-দুই আসরেই ইংল্যান্ডকে হারিয়েছে স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত রয়েছে তারা। নিজেদের মাঠেও দুর্দান্ত স্পেন। গত ৪০টি হোম ম্যাচে তাদের হার মাত্র একটি।
ইংল্যান্ডের জন্য স্বস্তির খবর, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মাইলস লুইস-স্কেলি।
এজরি কনসারও দলে ফেরার সম্ভাবনা রয়েছে। স্পেনের আক্রমণভাগে ফিরতে পারেন লামিন ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল। তবে ভাইরাসে আক্রান্ত নিকো উইলিয়ামসের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ব্রাসেলসে বেলজিয়াম-ইতালির শেষ আটের টিকিটের লড়াই

নেশনস লীগের আরেক হাইভোল্টেজ ম্যাচে ব্রাসেলসের স্তাদে রোয়া বাউদুইনে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। লীগ ‘এ’-এর গ্রুপ-১ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলের পাশাপাশি রয়েছে ফ্রান্সও। তবে শেষ ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানে আছে ইতালি। এ ম্যাচও মাঠে গড়াবে রাত রাত পৌনে ২টায়। বৃহস্পতিবার তুরস্ককে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। আরদা গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকে পিছিয়ে পড়লেও কেভিন ডি ব্রুইনা ও চার্লস ডি কেটেলারের গোলে জয় নিশ্চিত করে মার্ক ভ্যান বোমেলের দল। এ জয়ে শেষ আটে যাওয়ার আশা বেঁচে রয়েছে তাদের। অন্যদিকে ঘরের মাঠে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইতালি। সান সিরোয় শুরুতে পিছিয়ে পড়লেও ফ্রান্সের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করে আজ্জুরিরা। ফ্রান্সেসকো পিও এস্পোসিতো, দাভিদে ফ্রাত্তেসি ও পেনাল্টি থেকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন ইতালির তরুণ ফরোয়ার্ড এস্পোসিতো।

বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে ইতালি ও ফ্রান্স সমান অবস্থানে থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ইতালি। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম। ইতালির জন্য সমীকরণ সহজ-ড্র করলেই অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। কিন্তু বেলজিয়ামের প্রয়োজন জয়। গতবারের আসরে ফ্রান্স ও ইতালির পেছনে থেকে গ্রুপ পর্ব শেষ করে রেড ডেভিলরা। এবার সেই হতাশার পুনরাবৃত্তি এড়াতে মরিয়া তারা।
দুই ম্যাচেই তাই সমীকরণ আলাদা হলেও লক্ষ্য এক-জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করা এবং নেশনস লীগের পরবর্তী রাউন্ডে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা।