বাংলা চলচ্চিত্রের অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের প্রয়াণ দিবস আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকী উপজেলায় জন্মগ্রহণ করেন রাজীব। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন। পরে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে যুক্ত হন। দীর্ঘ অভিনয়জীবনে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন।
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রাজীবের। পরের বছর কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘দাবি’ চলচ্চিত্রেও নায়ক হিসেবে দেখা যায় তাকে।
পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভাত দে’, ‘সাহসী মানুষ চাই’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘রাজা শিকদার’, ‘বুকের ভেতর আগুন’, ‘বিদ্রোহ চারিদিকে’ ও ‘দাঙ্গা’। অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজীব। ‘হীরামতি’ (১৯৮৮), ‘দাঙ্গা’ (১৯৯১), ‘বিদ্রোহ চারিদিকে’ (২০০০) এবং ‘সাহসী মানুষ চাই’ (২০০৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
