বিসিবি’র উইমেন্স কাপ শুরু ৫ই মে

ফন্ট সাইজ:

নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়াতে আগামী ৫ই মে শুরু হচ্ছে উইমেন্স কাপ টুর্নামেন্ট। ৫ই মে থেকে ১৪ই মে পর্যন্ত ঢাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগে খেলা ক্রিকেটাররা এ টুর্নামেন্টে অংশ নেবেন। মোট ৮টি দল অংশ নিয়ে হবে উইমেন্স কাপ। মোট ১১২ জন নারী ক্রিকেটার টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা ম্যাচ ফি পাবেন। পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য টুর্নামেন্ট চলাকালে আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। এ ছাড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার অর্থ দেয়া হবে। নানা জটিলতায় এবার প্রথম বিভাগ লীগ আয়োজন করতে পারেনি বিসিবি। বিভিন্ন ক্লাব বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে লীগে অংশ নিতে অস্বীকৃতি জানায়। প্রথম বিভাগ লীগ না হওয়ায় ক্রিকেটারদের খেলায় মধ্যে রাখতে উইমেন্স কাপ আয়োজন করছে বিসিবি। আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জুলাইয়ে বিপিএল খেলবে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।
তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করবে বিসিবি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন