তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকাল ৫টা ৪০ মিনিটের প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তুরস্কে তিনদিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাকে বিদায় জানান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওদিকে ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
