জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল গুলোকে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশে চিনি উৎপাদন হয় বলে এখনো সাধারণ মানুষ চিনি কিনে খেতে পায়, এসব চিনিকল বন্ধ হয়ে গেলে চিনির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এসব চিনিকলের উপরে দেশের হাজার হাজার মানুষের জীবিকাও নির্বাহ করছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চিনিকল চত্বরে আয়োজিত মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান জানান, আগামী মাড়াই দিবসে ৯০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার চিনিকলটি ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে ৫.৭ভাগ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করেন।
