ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি

ফন্ট সাইজ:

২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে।

একই সঙ্গে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্পমেয়াদি চুক্তি এসপিএ-৩-এর আওতায় ২০২৭ সালে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে। এ ছাড়া মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র কাছ থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

এক্ষেত্রে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এলএনজি’র দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিয়ন বৃটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। অন্যদিকে, মহেশখালীর কুতুবজোনে নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে দেশের এলএনজি আমদানি ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। এ প্রকল্প বাস্তবায়নে জিটুজি পদ্ধতিতে চীনের প্রতিষ্ঠান সিএনইই দর প্রস্তাব দাখিল করেছে।