পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান চলাকালে গোলাগুলিতে ১০ পুলিশ সদস্য নিহত এবং ১৮ সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ। কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণখনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খাইবার পখতুনখোয়া পুলিশ ও স্থানীয় বেসামরিক প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযান শেষ করে ফেরার পথে অপরাধী চক্রের ইন্ধনে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ পুলিশ দলের ওপর হামলা চালায়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পুলিশ জানায়, হামলাকারীদের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করেন সদস্যরা। এতে ১৮ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে, বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়ে খাইবার পখতুনখোয়া পুলিশের ১০ সদস্য প্রাণ হারান। পুলিশের দাবি, বহিঃশক্তির ইন্ধনে অপরাধী চক্র ও ফিতনা আল-খাওয়ারিজের যৌথ হামলা অপরাধী মাফিয়া চক্রের সঙ্গে সন্ত্রাসীদের সুসংগঠিত যোগাযোগের স্পষ্ট প্রমাণ। পুলিশ বলেছে, এ ঘটনা আবারো প্রমাণ করে যে, ফিতনা আল-খাওয়ারিজের সঙ্গে ইসলাম ও পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।
তারা আরও জানায়, নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে সন্ত্রাসীরা অপরাধী মাফিয়া চক্রের সঙ্গে কাজ করছে। বহিঃশক্তির সমর্থনে সক্রিয় অপরাধী চক্র ও ফিতনা আল-খাওয়ারিজের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে পুলিশ।
নিহত পুলিশ সদস্যরা খাইবার পখতুনখোয়া প্রদেশের, বিশেষ করে কোহাট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের ভাষায়, তাদের আত্মত্যাগ সব সময় স্মরণ করা হবে।
