বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ, খাদ্যপণ্যে সতর্কবার্তার দাবি

ফন্ট সাইজ:

দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এই তথ্য তুলে ধরেছে। ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর দাবি জানিয়েছে গবেষণা ও এডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। প্রতিষ্ঠানটি বলছে, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য সতর্কবার্তা থাকা জরুরি। আজ ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ দাবি জানায় প্রজ্ঞা। এবারের দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’।

এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত। ওই বছর দেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা। প্রজ্ঞা জানায়, দেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়ছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। এসব প্রক্রিয়াজাত খাবারের অনেকগুলোতে চিনি, লবণ ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি। সংস্থার তথ্যমতে, খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু হলে ভোক্তারা সহজেই ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন। এতে স্বাস্থ্যকর খাবার বেছে নেয়া সহজ হবে। এ পরিস্থিতিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’-এর খসড়া দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রজ্ঞা। প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) বলেছে, ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। এ হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেরিতে রোগ শনাক্ত হওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য জটিলতা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং গর্ভকালীন ডায়াবেটিসের সর্বজনীন স্ক্রিনিংসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ তুলে ধরে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের বয়স-সমন্বিত হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। ডায়াবেটিসে আক্রান্তদের ৬১ দশমিক ৫ শতাংশই জানতেন না যে, তারা এ রোগে আক্রান্ত। অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করতে হবে। রোগ শনাক্ত হওয়ার পরপরই চোখ, স্নায়ু ও রক্তসঞ্চালন এবং হৃদ্‌রোগের ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন।

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ বাড়াতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন করা প্রয়োজন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত ডা. শাহজাদা সেলিম বলেন, ডায়াবেটিস প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুলের ক্যান্টিনে মিষ্টি পানীয় ও অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবার সীমিত করা, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে যুক্ত করা এবং পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি তুলে ধরে গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসের কারণে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান প্রসব এবং নবজাতকের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়।