গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১০টি যানবাহন দুর্ঘটনায় জড়ায়। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক হয়েছে।
