মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, শিশু নিহত

ফন্ট সাইজ:

শরীয়তপুরের ভেদরগঞ্জে মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ডামুড্যা উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি নরসিংহপুর ঘাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। আহতদের উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করে নৌ-পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।