তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা অব্যাহত থাকলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এ খাত। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের (বায়ার) আস্থা হারানোর ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বায়ারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কের অবনতি হতে পারে। তাই পোশাক খাতের স্থিতিশীলতা ফেরাতে ন্যায্য মজুরির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে ড. নাজনীন আহমেদ আরও বলেন, এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুধু মজুরি বাড়িয়ে পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। কারখানায় ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও সদাচরণ নিশ্চিত করতে হবে। মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে। মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা প্রয়োজন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ।
শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে কিরণ বলেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করতে হবে।
ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক হোসাইন শাহাদাত, সাংবাদিক মো. আতিকুর রহমান ও বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
