যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ্য বস্তুর সঙ্গে হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। শিমুল মাস্টার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এসময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।
পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট উদ্ধার করেন। ডিসি (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এসআরবির বোমা ডিসপোজাল টিম বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। উদ্ধারকৃত চিরকুটে শিমুল মাস্টারের উদ্দেশে লেখা ছিলো, “তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস, তোকে সাবধান করার পরও তুই থামছিস না। ভালোমন্দ খেয়ে দেয়ে নে, তোর সময় শেষ হয়ে আসছে। যে কোনো সময় রাস্তায় তোকে হত্যা করে লাশ ফেলা হবে।”
এদিকে ঘটনার খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজখবর নেন। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
অনলাইন
৫৮ মিনিট আগে
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ২ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
