এটি কি ‘হানিপট’ নাকি ‘হানিট্র্যাপ’?

এটি কি ‘হানিপট’ নাকি ‘হানিট্র্যাপ’?

ফন্ট সাইজ:

গত সপ্তাহে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং স্বীকার করেন, এক নারীর সাথে তার সম্পর্ক ছিল। ওই নারীকে মার্কিন গোয়েন্দারা চীনের গুপ্তচর বলে সন্দেহ করছেন। এই ঘটনার জেরে চিপ-নির্মাতা প্রতিষ্ঠানটিতে চরম সংকট তৈরি হয় এবং গত বৃহস্পতিবার হুয়াং পদত্যাগ করেন। একটি পুরোনো প্রবাদ আছে, ভিনেগারের চেয়ে মধু দিয়ে বেশি গোপন তথ্য আদায় করা যায়। কিন্তু এই ফাঁদ যখন আপনি পাতবেন তখন এটিকে আপনি কি বলবেন? ‘হানিপট’ নাকি ‘হানিট্র্যাপ’?

বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তি এমন পুরোনো গুপ্তচরবৃত্তির ফাঁদে পড়ার পর সাংবাদিক ও পর্যবেক্ষকরা একে কী নামে ডাকবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন। ‘হানিট্র্যাপ’ শব্দটি ব্যবহারকারীদের মধ্যে রয়েছে সিএনএন এবং দ্য স্পেক্টেটর। অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স এবং দ্য আমেরিকান প্রসপেক্ট ‘হানিপট’ শব্দটি ব্যবহার করেছে। এক্ষেত্রে একটি পার্থক্য তৈরি হয়েছে। কিছু মানুষের মতে, যাকে গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে তিনি হলেন ‘হানিপট’ এবং পুরো গুপ্তচরবৃত্তির অভিযানটি হলো ‘হানিট্র্যাপ’। তবে অনেকেই শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করেছেন। যেমন ওয়্যারডের এক ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে টাগেট করে তার সঙ্গে সম্পর্ক তৈরি বা প্রলুব্ধ করার জন্য একজন আকর্ষণীয় গুপ্তচর মোতায়েন করাই হলো ‘হানিপট’ বা ‘হানিট্র্যাপ’, যা গোয়েন্দা কৌশলগুলোর মধ্যে সবচেয়ে কুখ্যাত। দ্য ইকোনমিস্টের একজন সম্পাদক জানান, হানিট্র্যাপের বদলে হানিপটকে স্বাভাবিক করে তোলাই এখানকার আসল কেলেঙ্কারি।

মেরিয়াম-ওয়েবস্টার অভিধান অনুযায়ী, ‘হানিট্র্যাপ’ হলো অপরাধ বা গুপ্তচরবৃত্তির এমন একটি পরিকল্পনা যেখানে রোমান্টিক বা যৌন সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কাউকে আপত্তিকর পরিস্থিতিতে ফেলা হয় এবং ব্ল্যাকমেইল করা হয়। শত্রুর কাছ থেকে সুবিধা আদায়ের জন্য প্রলোভন দেখানোর এই চর্চা হাজার হাজার বছর ধরে চলে আসছে। বাইবেলে স্যামসন এবং ডেলাইলার গল্পেও এমন ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে ফিলিস্তিনিরা স্যামসনের অতিমানবিক শক্তির উৎস জানতে ডেলাইলাকে রূপা দিয়ে ঘুষ দিয়েছিল। তবে গুপ্তচরবৃত্তির অর্থে ‘হানিট্র্যাপ’ শব্দের ব্যবহার বেশ নতুন। ১৯৭৪ সালে বৃটিশ লেখক জন লে ক্যারে তার ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’ উপন্যাসে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। ১৯৭৬ সালে এক বিবিসি সাক্ষাৎকারে তিনি জানান, ‘হানিট্র্যাপ’ হলো এমন একটি পরিস্থিতি যেখানে কোনো ব্যক্তির পথে একজন মেয়েকে লেলিয়ে দেয়া হয়, এটি মূলত একটি যৌন প্রলোভনমূলক অভিযান। তিনি একজন সাবেক বৃটিশ গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যার আসল নাম ছিল ডেভিড ক্রমওয়েল। আসল গোয়েন্দা কৌশল গোপন রাখতে তিনি উপন্যাসে নতুন কিছু কাল্পনিক শব্দ তৈরি করেছিলেন যেমন ‘হানিট্র্যাপ’, ‘ল্যাম্পলাইটার’, এবং ‘স্ক্যাল্পহান্টার’। এগুলো আসল গোয়েন্দারা ব্যবহার করতেন না। ২০২২ সালে সাংবাদিক হেনরি শ্লেসিঞ্জার তার এক নিবন্ধে জানান, হানিট্র্যাপের ধারণাটি গোয়েন্দা ঔপন্যাসিক এবং ট্যাবলয়েড সাংবাদিকদের কাছে বেশ আকর্ষণীয় ছিল। পপ কালচারে এই ধরনের নারীদের প্রায়ই মোহময়ী হিসেবে তুলে ধরা হতো, যদিও বাস্তব জীবনের অভিযানগুলো এতটা যৌন আবেদনময়ী ছিল না।

অন্যদিকে ‘হানিপট’ শব্দটির উৎপত্তি ১৪৭৫ সালের দিকে, যখন একটি ইংরেজি-ল্যাটিন অভিধানে এটি মৌমাছির মধু রাখার পাত্র বোঝাতে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে এর আরও কিছু অর্থ তৈরি হয়। ১৭ শতকের শুরুতে এটি দিয়ে প্রলোভন দেখানো ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হতো। ১৭ শতকের শেষার্ধে এই শব্দটি নারীর যৌনাঙ্গ বোঝাতেও একটি শিষ্টাচারসম্মত শব্দ হিসেবে ব্যবহৃত হতো। এছাড়া এটি দিয়ে স্কটিশ শিশুদের একটি খেলা, এক প্রজাতির পিঁপড়া এবং অস্থায়ী শৌচাগারকেও বোঝানো হতো। পরবর্তীতে ৯০-এর দশকে সাইবার অপরাধীদের ধরার জন্য তৈরি করা ভুয়া ওয়েবসাইট বা নেটওয়ার্কের ক্ষেত্রেও ‘হানিপট’ শব্দটি ব্যবহার শুরু হয়। তবে ২০১১ সালে আরবান ডিকশনারি অনুযায়ী, অন্তত ১৫ বছর ধরে গুপ্তচরবৃত্তির ফাঁদ বোঝাতেও এই শব্দ দুটি একই অর্থে ব্যবহার করছে মানুষ। সেখানে বলা হয়, এটি এমন একটি গোপন অভিযান যেখানে সাধারণত কোনো হাই-প্রোফাইল ব্যক্তিকে প্রলুব্ধ করে আপত্তিকর পরিস্থিতিতে ফেলা হয়, যাতে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেইল করা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের একজন সম্পাদক মার্কিনিদের এই নতুন শব্দ ব্যবহারের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, আমেরিকানদের কেন সবকিছুর জন্য নতুন শব্দ তৈরি করতে হবে? অন্যদিকে দ্য মিউজিয়াম অফ ইংলিশ রুরাল লাইফ ব্লুস্কাইতে তাদের সংগ্রহে থাকা একটি মধুর পাত্রের ছবি পোস্ট করে। মূলত জেনসেন হুয়াংয়ের এই খবরের উত্তেজনা ও প্রচারণার মধ্যে যোগ দিতেই জাদুঘরটি এটি পোস্ট করে। জাদুঘরটি মজার ছলে জানায়, সমালোচকরা তাদের ‘হানিপট হানিট্র্যাপে’ ধরা পড়েছে।
সূত্র: সিএনএন