দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে ভুগছিলেন এই শিল্পী।
গত ২৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে যান তিনি। অসুস্থতার মধ্যেও সংগীত নিয়ে নতুন পরিকল্পনা ছিল সাহেদের। দীর্ঘ ১১ বছরে তৈরি করা ২৪টি গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করার উদ্যোগও ছিল। এমনকি কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনাও করেছিলেন।
তবে তার আগেই থেমে গেল জীবনের পথচলা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করা সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ‘রোকযানা’ নামেও পরিচিত ছিলেন তিনি। ‘উপলব্ধি’, ‘খোলা চুল’, ‘উটপাখির ডিম’সহ বেশ কিছু গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
