অনন্ত যৌবনের রহস্য খুঁজতে হাজার হাজার বয়স্ক বানর নিয়ে গবেষণা করছেন রুশ বিজ্ঞানীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইচ্ছে পূরণেই এই কাজ করছেন তারা। পুতিন ১৫০ বছর বাঁচার স্বপ্ন দেখছেন। তার এই ইচ্ছাকে কেন্দ্র করেই গবেষণাটি চলছে। পুতিনের বৈজ্ঞানিক গুরু ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন। এ খবর দিয়েছে ডেইলি মেইল।
কোভালচুক রাশিয়ার অন্যতম প্রধান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কুর্চাটভ ইনস্টিটিউট পরিচালনা করেন। সেখানে ২২টি ভিন্ন প্রজাতির ৭ হাজারেরও বেশি বানর রয়েছে। এর মধ্যে কিছু বানরের বয়স ৩০ বছরের বেশি। দীর্ঘায়ুর রহস্য খুঁজতে এসব বানরের রক্ত, মস্তিষ্ক এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ নিখুঁতভাবে পরীক্ষা করা হচ্ছে। মস্কোয় এক বৈজ্ঞানিক ফোরামে কোভালচুক জানান, বার্ধক্যের সব ধাপ পর্যবেক্ষণ করতে তারা বয়স্ক বানরদের স্ক্রিনিং করছেন। তারা ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের মূল্যায়ন করছেন। তিনি আরও জানান, বায়োকেমিক্যাল বিশ্লেষণ, ভাস্কুলার স্টাডিজ এবং ব্রেন স্ক্যানসহ সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। আয়ু বাড়ানোর পদ্ধতি আবিষ্কারের জন্য এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জানান।
অস্বাভাবিক বয়স্ক বানরদের রক্তের নমুনা ব্যবহার করে বিজ্ঞানীরা একটি বিশেষ ব্লাড ব্যাংকও তৈরি করেছেন। পেট্রোভস্কি রাশিয়ান সায়েন্টিফিক সেন্টার অফ সার্জারির সাথে যৌথভাবে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। কেন্দ্রটির পরিচালক কনস্টান্টিন কোটেঙ্কো জানান, এই নমুনাগুলো বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বুঝতে সাহায্য করে। কোভালচুকের ভাই ৭৪ বছর বয়সী বিলিয়নিয়ার ইউরি পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। তাকে ‘পুতিনের মানিব্যাগ’ বলা হয়। মিখাইল কোভালচুকের পাশাপাশি পুতিনের কন্যা ৪১ বছর বয়সী এন্ডোক্রিনোলজিস্ট মারিয়া ভরোন্টসোভাও এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য রোধ এবং ‘মৃত্যুকে জয় করার’ ওষুধের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্বীকার করেন যে, দীর্ঘায়ু গবেষণার প্রধান চালিকাশক্তি হলো ‘মৃত্যুর ভয়’।
গত বছর বেইজিং সফরের সময় পুতিনের বয়স কমানোর এই ইচ্ছা প্রকাশ্যে আসে। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর বাঁচার সম্ভাবনা নিয়ে তার আলোচনার কথা একটি মাইক্রোফোনে ধরা পড়ে। পুতিন শিকে জানান, প্রতিস্থাপনের অগ্রগতির ফলে মানুষ ধীরে ধীরে আরও তরুণ হতে পারে এবং সম্ভবত অমরত্ব লাভ করতে পারে। তিনি বলেন, মানুষ যত বেশি দিন বাঁচবে, তত বেশি তরুণ হবে। পরে একটি এআই সম্মেলনে পুতিন জানান, ১৫০ বছর পর্যন্ত বাঁচা সম্ভবত সম্ভব। তবে এই সময়টাও যথেষ্ট নয় বলে তিনি জানান। বর্তমানে রাশিয়া থ্রিডি-প্রিন্টিং জীবন্ত টিস্যু নিয়ে দ্রুত গবেষণা চালাচ্ছে। এছাড়া শূকরের ভেতরে মানুষের অঙ্গ বৃদ্ধির কাজও চলছে। পুতিনের বিজ্ঞানীরা আরএজিই (RAGE) জিন ব্লক করে বার্ধক্য বিলম্বিত করার জন্য বিশ্বের প্রথম ওষুধ তৈরি করছেন।
