মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিককে সরানোর কথা ভাবছে হোয়াইট হাউস

মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিককে সরানোর কথা ভাবছে হোয়াইট হাউস

ফন্ট সাইজ:

হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরিয়ে দেয়ার কথা ভাবছেন। এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের গুপ্তচর কেলেঙ্কারির কারণে এই আলোচনা চলছে। অনেক আইনপ্রণেতা লুটনিকের সমালোচনা করছেন। কারণ তার প্রশাসন কয়েক ডজন চীনা কোম্পানিকে মার্কিন বাণিজ্য কালো তালিকায় যুক্ত করতে ব্যর্থ হয়েছে। এনভিডিয়ার চীনে রপ্তানি সঠিকভাবে তদারকি করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার হুয়াংয়ের পদত্যাগের আগে থেকেই লুটনিকের কাজের সমালোচনা হচ্ছিল। অ্যালিস হুয়াংয়ের সাথে সম্পর্কের খবরের পর সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হুয়াং। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। চীনে এআই চিপ পাঠানো আটকাতে লুটনিক যথেষ্ট কাজ করেননি বলে অভিযোগ উঠেছে। হোয়াইট হাউস এবং বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবে লুটনিককে কংগ্রেসে তলব করা হয়েছে। সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট তাকে সাক্ষ্য দেয়ার জন্য ডেকেছেন। আগামী ৩ ডিসেম্বর তাকে কংগ্রেসে উপস্থিত হতে বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত জুনে রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন চীনের এআই স্টার্টআপ ডিপসিক এবং মেমরি চিপ নির্মাতা সিএক্সএমটিসহ ১০০টির বেশি কোম্পানিকে কালো তালিকায় যুক্ত করা স্থগিত রেখেছে। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের তালিকায় রাখা হয়নি। রিপাবলিকান সিনেটর জন কেনেডি জানান, লুটনিককে চাকরি থেকে সরিয়ে দেয়া উচিত কিনা তা তিনি এখনো জানেন না। তবে তিনি লুটনিককে দ্রুত প্রশ্নের উত্তর দেয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ওই তালিকায় নতুন কাউকে যুক্ত করেনি। ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন জানান, হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি।

ওয়ারেন এবং ডেমোক্রেট ক্রিস কুনস একটি চিঠি লিখেছেন। তারা লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে এই চিঠি দেন। তারা এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি সম্পর্কিত সব নথিপত্র সংরক্ষণের কথা জানান। সিনেটররা সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের কথা উল্লেখ করেন। ২০২৪ সালের জুন থেকে মেগাস্পিড ৪.৮ বিলিয়ন ডলার বা ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকার বেশি মূল্যের এনভিডিয়া এআই চিপ কিনেছে।

ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন এবং রিচার্ড নিল জানান, তারা চীনা কোম্পানিগুলোর কাছে এনভিডিয়ার উন্নত চিপ বিক্রির অনুমোদন নিয়ে তদন্ত করছেন। আইনপ্রণেতারা ২০২৫ সালের ডিসেম্বরে চীনে উন্নত এইচ২০০ এআই চিপ বিক্রির অনুমতি দেয়ার ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন। এই রপ্তানি বিক্রির একটি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নেয়া হয়েছিল, যাকে তারা অসাংবিধানিক রপ্তানি কর বলে উল্লেখ করেন। রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট জানান, চিপ রপ্তানির অনুমোদন দেয়ার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্ত করা উচিত। তবে লুটনিকের ওপর তার আস্থা রয়েছে বলে তিনি জানান। রিপাবলিকান সেনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান।