৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, ১ জনকে বাধ্যতামূলক অবসর

ফন্ট সাইজ:

প্রলয় কুমার জোয়ারদারহসহ ৬ জন পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত ও ১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের এই আদেশ দেয়া হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ডিএমপি’র সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলামের বিরুদ্ধে পলায়ন ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বহিষ্কার হয়েছেন। সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে অসদাচরণের দায়ে রুজুকৃত বিভাগীয় মামলায় প্রমাণিত অভিযোগ বিবেচনায় তাকে বহিষ্কার করা হয়।

একই দায়ে সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামিম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।
আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব আদেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, অনতিবিলম্বে এসব আদেশ কার্যকর করা হবে।