বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁকে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে নিয়োগটি চূড়ান্ত হবে। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন। নতুন দায়িত্বে রাব্বুর রেজা প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার নেতৃত্ব দেবেন।
এ ক্ষেত্রে পরিচালন দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার, অংশীজনদের আস্থা বৃদ্ধি, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং দেশ-বিদেশের ওষুধবাজারে ব্যবসা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেবেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এ এস এফ রহমান বলেন, ‘রাব্বুর রেজাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পুরো সময়ে তিনি অসাধারণ নেতৃত্বগুণ ও শিল্পখাতের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা বলেন, বেক্সিমকো ফার্মার সঙ্গে আমার ২৫ বছরের বেশি সময়ের পথচলা। আরও বেশি মানুষের কাছে উন্নত মানের সাশ্রয়ী ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন দায়িত্বে কাজ করতে আমি অত্যন্ত আগ্রহী।’ রাব্বুর রেজা ২০০৯ সাল থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওষুধশিল্পে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম ৬০টির বেশি দেশে সম্প্রসারিত হয়েছে। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বাজার রয়েছে।
এ ছাড়া নুভিস্তা ফার্মা এবং সানোফি বাংলাদেশ (বর্তমানে সাইনোভিয়া ফার্মা) অধিগ্রহণের কৌশলগত উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাব্বুর রেজা ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল, লন্ডন বিজনেস স্কুল ও এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্টে নির্বাহী ও ব্যবস্থাপনা উন্নয়ন শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি। রাব্বুর রেজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি মন্ট্রিল প্রটোকলের আওতাধীন মেডিকেল টেকনিক্যাল অপশনস কমিটিরও সদস্য তিনি।
