চাটখিলে নিখোঁজের ছয়দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিক দল নেতার মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সানোখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল উপজেলার নোয়াখলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিকদলের নেতা ও একই ইউনিয়নের শিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।
এর জের ধরে গত ৬ই নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রীকে ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা রাসেলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ৭ই নভেম্বর রাসেলের বাবা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে চাটখিল থানা পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় ওই বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়।
পরে তল্লাশি চালিয়ে মাটিচাপা দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান তারা। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। চাটখিল থানার আব্দুল মোন্নাফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
