মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার সময় গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে আগুনের গোলা নিক্ষেপের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো— মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) ও শিশুবাগানপাড়ার আলী কদর শাওন (১৯)। তবে গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেরপুর শহরের কলেজ মোড়ে কয়েকজন পুলিশ সদস্য জুলাই স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় স্মৃতিস্তম্ভের পাশের একটি চায়ের দোকানে ডিএসবি’র কয়েকজন সদস্য অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেরপুর সরকারি কলেজের মাঠের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি কাপড়ের তৈরি গোলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পেছন দিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও ডিএসবি সদস্যরা পেছনে তাকিয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ ও তাদের মুঠোফোন যাচাই করে এ ঘটনায় আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে রাতে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকেও গ্রেপ্তার করে। মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।