তিনদিন ধরে শূন্যরেখায় নারী, মেলেনি সমাধান

তিনদিন ধরে শূন্যরেখায় নারী, মেলেনি সমাধান

ফন্ট সাইজ:

টানা তিনদিন ধরে জামালপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন সেই নারী। সমাধান না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি-বিএসএফ’র কেউই দায়িত্ব নিতে চাচ্ছেন না ওই নারীর। জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮টায় ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

এ সময় জামালপুর ৩৫-বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো-ম্যান্স ল্যান্ডে (শূন্যরেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা তিনদিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শূন্যরেখায় থাকছেন তিনি। স্থানীয় এলাকাবাসী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

জামালপুর-৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্র্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।