কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাড়িটিতে মানুষ বসবাস করতেন এবং বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুন লাগানোর অভিযোগ তোলা হচ্ছে। নাশকতা হয়েছে নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে— তা তদন্তের পর জানা যাবে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ পর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
দ্বিতীয় দফা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক মিনিট কথা বলা প্রয়োজন। মন্ত্রী অনেক ভিডিও, ফুটেজ ও তথ্যের কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখলে বোঝা যাবে, বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। নাহিদ বলেন, ‘ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না, গবাদিপশুর বাড়িও ছিল না। সেখানে মানুষ বসবাস করতেন। গত রাতেও কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন ওই বাড়িতে ছিলেন। গত রাতে মানুষও মারা যেতে পারতেন।’
তিনি বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছিল। তাকে হামলার হুমকিও দেয়া হয়েছে। ঘটনার দুইদিন আগে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ফলে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়।
নাহিদ ইসলামের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেদের দায় স্বীকার করেছে বলে তিনি দাবি করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিয়ে তাদের দায়মুক্তি দিচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন কতো ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এ ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং সমন্বয়কদের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, এসব ঘটনার সামগ্রিক চিত্রই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এ ঘটনা অস্বীকার করে যান, তাহলে বিরোধী দলের আর কিছু বলার থাকবে না। নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি তথ্য-উপাত্তসহ বক্তব্য দিয়েছেন এবং আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই আগুন লাগানোর সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে কেন— সে প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িতে মানুষ থাকে না, দু’টি ছাগল ছিল। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপকে অনুমতি নিয়ে কথা বলার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, ‘গত রাত ১২টা ২০ মিনিটে ঘটনাটি ঘটেছে। আজকে আমি তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সব তথ্যসহ স্টেটমেন্ট দিয়েছি। বাংলাদেশের পার্লামেন্টে এভাবে তথ্য, ছবি ও ভিডিওসহ বক্তব্য দেয়ার রেকর্ড আছে বলে আমার জানা নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তখন ঢাকায় ছিলেন। তার মা-বাবা ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে তিনতলা বাড়িতে থাকতেন। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, বাতি ও মিটারের ছবি সংগ্রহ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজনের বক্তব্যও নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি’র সমন্বয়ে তদন্ত করা হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার সংগ্রহ করা ডকুমেন্ট সংসদের সামনে তুলে ধরেন।
এ সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। স্পিকার তাদের বসার আহ্বান জানিয়ে বলেন, সংসদে পার্লামেন্টারি রীতিনীতি ও চর্চা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের জবাব দিচ্ছেন, তাকে বাধা দেয়া উচিত নয়। বিরোধী দলের সদস্যদের বক্তব্যের সুযোগ পরে দেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ডেপুটি স্পিকার জামায়াত নেতৃত্বধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের সময় তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। এখন তার বক্তব্যও শোনা উচিত।
এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আবার তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে আগুন লাগানো হলে সেটাও তদন্তের পর বলা যাবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে, যার নম্বর ৭০৩। দুইদিন আগে নুসরাত তাবাসসুম কোনো জিডি করে থাকলে সে বিষয়ে প্রশ্ন তোলা হলে তারও জবাব দিতে তিনি প্রস্তুত। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করতে চান না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেইভাবে ব্যবস্থা নেয়া হবে। আর যদি দুর্ঘটনাবশত আগুন লেগে থাকে, সেটাও তদন্ত রিপোর্টের পর বলা যাবে। তদন্ত সমাপ্ত হয়নি, তদন্ত চলছে। কেবল আজকে থেকে শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, আগের সরকারের আমলের মতো কোনো ঘটনা ঘটলেই কাউকে দায়ী করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। ফ্যাসিবাদের দোসররা এ ঘটনায় জড়িত থাকলে তদন্তে তা-ও বেরিয়ে আসবে। তবে তদন্তের আগে ঢালাওভাবে কাউকে দায়ী করতে চায় না সরকার। পরে স্পিকার বলেন, জিডি’র পরিপ্রেক্ষিতে মামলা দায়ের ও তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে সে অনুযায়ী তা উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
