ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭ মামলার আসামি কিশোরগঞ্জের হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটনা থানা পুলিশের ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মোগল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌ-ডাকাতিসহ চুরি ও ডাকাত দলের গ্যাং লিডার। তার নামে ইটনা ও মিঠামইন থানায় একাধিক খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে হাওর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। জেলা পুলিশের কাছে ছিল সে মোস্ট ওয়ান্টেড।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও সে কৌশলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিল। বুধবার রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পার্শ্ববর্তী কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করে। তাকে ধরতে রাতভর গ্রাম এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অবশেষে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
