চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের কারণে শিশু সন্তানকে বিক্রির একদিন পর পিতা নুরুল আবছার (২২)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নুরুল আবছারের পিতা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
সিএমপি’র কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, এ ঘটনায় দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়েছে। নিহতের পিতা আবদুর রহিম (৭০) মামলাটি করেন। বুধবার বিকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার উত্তর পাশে বাপ্পী দাশের বাগান থেকে নুরুল আবছারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এজাহারে বলা হয়, প্রায় দুই মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন নুরুল আবছার। তাদের ১৪ মাস বয়সী একটি ছেলে সন্তান ছিল। স্ত্রী চলে যাওয়ার পর শিশুটি দাদার সঙ্গে থাকতো। তবে ঘটনার চারদিন আগে নুরুল আবছার ও তার স্ত্রী নাজমা আক্তার অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে দুই লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন বলে জানতে পারেন মামলার বাদী শিশুর দাদা।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ১০ই নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে নুরুল আবছারকে ডেকে পাঠান। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন বিকালে স্থানীয়দের মাধ্যমে তার পিতা জানতে পারেন, চরলক্ষ্যা হিন্দুপাড়ার ভেতরে একটি গাছের সঙ্গে ছেলের মরদেহ ঝুলছে। বাদীর অভিযোগ, ১০ই নভেম্বর রাত থেকে ১১ই নভেম্বর বিকালের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা নুরুল আবছারকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।
