আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রক্তাক্ত জনপদ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি। বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে অন্তত ৯-১০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কয়েক দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সর্দার (২৫) ও দিদার সর্দার (৫০)। সবাই মোল্লাকান্দি ইউনিয়নের নোয়ার্দা এলাকার বাসিন্দা ও রহিম মোল্লা পক্ষের সমর্থক বলে জানা গেছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসে এ দু’পক্ষের বিরোধের জেরে তুহিন দেওয়ান (২২), আরিফ মীর (৩৫) ও রায়হান খান (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিবদমান দু’টি পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে একপক্ষ থেকে আওলাদ এবং অপরপক্ষ থেকে রহিম চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন মানবজমিনকে বলেন, ঘটনার সূত্রপাত গতকাল রাত থেকে। খবর পেয়ে তখনই পুলিশ পাঠানো হয়েছিল। ভোরে তিনি নিজেও ঘটনাস্থলে যান। সকালে দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে দু’পক্ষের লোকজনকে ধরতে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যান।
