চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সরকারি ও ব্যক্তিগত দু’টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন আ’লীগের সঙ্গে সম্পৃক্ততা ও তথ্য পাচারের অভিযোগের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়েছে। গত বুধবার নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে অবস্থিত তার কার্যালয় থেকে মুঠোফোন দু’টি জব্দ করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল এ কার্যক্রম চালায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে পুলিশ সুপার জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার ওপর নজরদারি এবং মুঠোফোন জব্দের পদক্ষেপ নেয়া হয়েছে।
এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশের একটি সূত্র দাবি করেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে চাননি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, তাকে আটক করা হয়েছে কিংবা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে—এ ধরনের খবর গুজব। তিনি স্বাভাবিকভাবেই কর্মস্থলে রয়েছেন। একটি অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে তার সরকারি ও ব্যক্তিগত দু’টি মুঠোফোন জব্দ করা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।
