ময়মনসিংহের তারাকান্দায় ভারী যানবাহন চলাচলের অনুপযোগী ব্রিজের জন্য কাজে আসছে না এলজিইডির ১২ কিমি পাকা সড়ক। জানা যায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের কাটাখালি খালের উপর মেয়াদোত্তীর্ণ, ভাঙা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ নির্মাণের ফলে দীর্ঘদিন ধরে মালবোঝাই ভারী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
সরজমিন দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় তারাকান্দা উপজেলার ময়মনসিংহ নেত্রকোণা হাইওয়ে সড়কের কাশিগঞ্জ থেকে অম্বিকাগঞ্জ সড়ক পর্যন্ত ৩৫ কিমি সড়ক চারটি প্যাকেজে পাকাকরণ হয়। কিন্তু সড়কের শুরু থেকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজার পর্যন্ত ১২ কিমি সড়কে ভারী ট্রাক, পিকআপ যাতায়াত করতে পারছে না।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, ৭-৮ মাস আগে গৌরীপুর থেকে সিমেন্টবোঝাই ট্রাক ব্রিজ ভেঙে খালের গর্তে পড়ে যায়। এরপর থেকে এ সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ১২ কিলোমিটার পাকা সড়কটি কাজে আসছে না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আসমা আখতারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ইতিপূর্বেই প্রতিবেদন দাখিল করা হয়েছে।
