মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নারায়ণগঞ্জে। গত দেড় মাসে জেলার দু’টি মাদ্রাসায় পৃথক দুর্ঘটনায় এ চিত্র ফুটে উঠেছে। এর আগে গত ২৬শে সেপ্টেম্বর ফতুল্লার কাশিপুরের হাজীপাড়ায় মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন ছাত্রীর মৃত্যু ২ জন আহত হয়েছিল। সর্বশেষ গত সোমবার রাতে ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকার জামিআ আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে আগুন লেগে ৯৪ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনা দু’টি বিশ্লেষণ করে দেখা গেছে, কোথাও বহুতল ভবনে অগ্নিনিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ বিভাগের আপত্তি উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ স্থানে ভবনের উচ্চতা বাড়ানো হয়েছে।
এমনকি ঝুঁকিপূর্ণ ছাদে শিক্ষার্থীদের যাতায়াতও বন্ধ করা হয়নি।
ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকার জামিআ আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে আগুন লাগার সময় সেখানে ঘুমিয়ে ছিলেন অন্তত ১২ শিক্ষার্থী। ভবনটির উপরের তিন তলায় ছিলেন শতাধিক ছাত্র। পাশেই মাদ্রাসার আরও দু’টি ছয় ও সাততলা ভবন। অথচ এত বড় প্রতিষ্ঠানে আগুন নেভানোর একটি যন্ত্রও ছিল না। কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মাদ্রাসার কোথাও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা পাওয়া যায়নি। তবে ভবনের পাশে পানির সংরক্ষণাগার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়েছে।
একইভাবে হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায়ও শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে মাদ্রাসা পরিচালনা করা হতো। মাদ্রাসার তিনতলা ভবনের ছাদের উপর দিয়ে গেছে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন। ছাদের এক পাশে বাগান, অন্য পাশে মাছ চাষের হাউজ রয়েছে। শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাদে নিয়মিত যাতায়াত ছিল ছাত্রীদের। বাগানে পানি দেয়া ও পরিচর্যার কাজেও তাদের ব্যবহার করা হতো।
গত ২৬শে সেপ্টেম্বর বিকালে ওই ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আতিয়া, জিদনি ও লামিয়ার মৃত্যু হয়। বাকি দুই ছাত্রী আসিয়া ও সুমাইয়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
মাদ্রাসা ভবনটি দোতলা থেকে তিনতলা করার উদ্যোগ নেয়ার সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা আপত্তি জানিয়েছিলেন বলে জানা গেছে। এরপরও ভবনটি তিনতলা করা হয়।
মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড সঞ্চালন লাইনের সহকারী প্রকৌশলী নূর ই আলম সেসময় সংবাদ মাধ্যমকে জানান, সঞ্চালন লাইনের নিচে থাকা স্থাপনাগুলো অবৈধ। তারা ভবনটির উচ্চতা বাড়ানোর অনুমতি দেননি। দুর্ঘটনা এড়াতে সঞ্চালন লাইনের নিচে থাকা স্থাপনা সরিয়ে নিতে হবে। এর আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ভবনটির উচ্চতাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছিলেন।
একইভাবে জামিআ আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায়ও নিরাপত্তার ঘাটতির বিষয়টি স্পষ্ট হয়েছে।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। কক্ষটি মূলত লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো। এর একটি অংশে ইসলামী আইন বিভাগের ১২ শিক্ষার্থী ও একজন শিক্ষক থাকতেন। মাদ্রাসার নায়েবে মোহতামিম আতিকুর রহমান জানান, শব্দ শুনে ওই শিক্ষক লাইব্রেরিতে গিয়ে আগুন দেখতে পান। পরে ঘুমন্ত শিক্ষার্থীদের জাগিয়ে বাইরে নিয়ে আসেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের বলেন, লাইব্রেরি কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল। সেখানে কাঠ ও বোর্ড দিয়ে অভ্যন্তরীণ সাজসজ্জা করা হয়েছিল। এসব দাহ্য উপকরণের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে সরাসরি কেউ দগ্ধ না হলেও ধোঁয়া ও তাপে অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের মধ্যে ৯৪ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। বুধবার দুপুর সোয়া দুইটা পর্যন্ত ৭৬ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। চিকিৎসাধীন ছিলেন ১৮ জন। তাদের মধ্যে আজিজুল ইসলাম সিয়াম নামের ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন।
প্রায় ১২৫ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত জামিআ আশরাফিয়া মাদ্রাসায় অন্তত ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। ১৯৯৮ সালে একতলা ভবন দিয়ে যাত্রা শুরু হলেও পরে সেটি পাঁচতলা করা হয়। পাশাপাশি ছয় ও সাততলা আরও দু’টি ভবন নির্মাণ করা হয়েছে। মাদ্রাসার নায়েবে মোহতামিম আতিকুর রহমান বলেছেন, আগে এমন দুর্ঘটনা না ঘটায় অগ্নিনিরাপত্তার বিষয়টি নিয়ে তারা তেমন ভাবেননি। তবে ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হবে। জামিআ আশরাফিয়া মাদ্রাসার অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তিন কার্যদিবসের মধ্যে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
