চাকরির খোঁজে চট্টগ্রামে, ফিরলেন লাশ হয়ে

ফন্ট সাইজ:

নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাকরির সন্ধানে বরিশাল থেকে চট্টগ্রামে এসে একটি প্রতিষ্ঠানে যোগ দেয়ার একদিনের মাথায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত সোমবার চাকরির উদ্দেশ্যে চট্টগ্রামে আসেন মেহেদী। পরদিন মঙ্গলবার তিনি একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। বুধবার রাতে নগরের টাইগারপাস এলাকায় একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, মেহেদীর সঙ্গে একটি মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। তবে কীভাবে তিনি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।