শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই তৈরি হচ্ছে বেকারি পণ্য

শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই তৈরি হচ্ছে বেকারি পণ্য

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট-বাজারে বিএসটিআই’র প্রয়োজনীয় সনদ ও মান নিয়ন্ত্রণের নিয়মনীতি উপেক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে কেক, ব্রেড, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য। এসব খাবারে কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে এসব পণ্য খেয়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের দাউদনগর বাজার রেলগেট, দাউদনগর বাজার, রেলওয়ে পার্কিং এলাকা, ড্রাইভার বাজার ও পুরানবাজারসহ বিভিন্ন স্থানে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে। কিছু দোকানের ভেতরেই মেশিন বসিয়ে তৈরি করা হচ্ছে এসব খাবার। পরে ভ্যানগাড়িতে করে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, চায়ের দোকান, স্টেশনারি ও মুদি দোকানসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, এসব বেকারির অনেক পণ্যে মান নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেই। কোনো কোনো ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি খাবারও বিক্রি করা হচ্ছে। পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগও রয়েছে। সরজমিন কয়েকটি বেকারি কারখানা ঘুরে দেখা যায়, উৎপাদনস্থলের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন। তৈরি করা খাবার ট্রেতে সাজিয়ে রাখা হয়েছে। এসব খাবারের ওপর ঝাঁকে ঝাঁকে মাছি বসতে দেখা যায়। পণ্য তৈরিতে ব্যবহৃত উপকরণের মান ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সচেতন মহলের অভিযোগ, মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করলেও নিয়মিত তদারকির অভাবে অনিয়ম বন্ধ হচ্ছে না।

জনস্বাস্থ্য সুরক্ষায় বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রশাসনের নিয়মিত অভিযান, বেকারিগুলোর লাইসেন্স ও পণ্যের মান যাচাই এবং অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।