একটি চলাচলযোগ্য রাস্তার অভাবে বছরের পর বছর বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন নওগাঁর রাণীনগর উপজেলার প্রবাসী অধ্যুষিত আরজী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। এ গ্রামে প্রায় ৬০০ মানুষের বসবাস। গ্রামের ৬০ থেকে ৭০ শতাংশ পুরুষই প্রবাসে থাকেন। অথচ তাদের রেখে যাওয়া বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের প্রতিদিনের জীবন কাটছে যোগাযোগব্যবস্থার সীমাহীন ভোগান্তিতে।
জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণসহ সব ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্থায়ী রাস্তার অভাব। গ্রামবাসীর ভাষ্য, পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক প্রজন্ম রাস্তার জন্য দাবি জানিয়ে আসছেন। এখন চতুর্থ প্রজন্মের সন্তান ও নাতি-পুতিরাও একই দাবিতে ক্লান্ত। অথচ বিস্ময়করভাবে গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এলজিইডি’র আওতায় সড়কটি এখনো নিবন্ধিত হয়নি। ফলে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সরজমিন দেখা যায়, চলাচলের অনুপযোগী সরু মেঠোপথই গ্রামবাসীর একমাত্র ভরসা। একটু বৃষ্টি হলেই নিচু পথ পানিতে তলিয়ে যায়। গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে স্বজনদের পড়তে হয় বিপাকে। গ্রামের বয়োজ্যেষ্ঠ হেলাল উদ্দীন, সৌদিপ্রবাসী আজিজুল ও শহিদুল, কাতারপ্রবাসী আছাদুল আলম জুয়েলসহ অনেকের ভাষ্য, রাস্তার অভাবে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের চার গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
স্থানীয়দের তথ্যমতে, সাবেক প্রেসিডেন্ট ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক পুলিশ কর্মকর্তা মামলার তদন্তে এসে রাস্তার অভাবে গ্রামটিতে পৌঁছাতে পারেননি। পরে তার উদ্যোগে মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি সরু পায়ে চলার পথ তৈরি হয়। পরবর্তী সময়ে এলজিএসপি’র অর্থায়নে সেখানে জোড়াতালি দিয়ে ইট বিছানো হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সেই পথ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। এ ছাড়া রাতলাই থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাঠের মধ্যদিয়ে প্রায় এক কিলোমিটারের একটি মেঠোপথ রয়েছে। নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পথটি পানিতে ডুবে যায়।
এদিকে দীর্ঘদিনের দুর্ভোগের খবর জানতে পেরে গত ৯ই নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান নিজ উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সূর্য কুমার অধিকারীকে নিয়ে গ্রামটি সরজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
