কয়েদির পেটে পাওয়া গেল গ্যাস লাইটার, নেইল কাটারসহ ইটের টুকরা

কয়েদির পেটে পাওয়া গেল গ্যাস লাইটার, নেইল কাটারসহ ইটের টুকরা

ফন্ট সাইজ:

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসমত আলী নামে এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রুসহ ইটের টুকরা বের করেছেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩১শে অক্টোবর রাতে কয়েদি হাসমত আলী (৪৪)কে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। গত ৪ঠা নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমেদের ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন গণমাধ্যমকে জানান, হাসমত দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।