ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ নির্মাণকাজ

বালাগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে ঝুলন্ত সেতু

ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ নির্মাণকাজ

ফন্ট সাইজ:

সিলেটের বালাগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে বড়ভাগা নদীর উপর নির্মাণাধীন ঝুলন্ত সেতুর কাজ। ইতিমধ্যে সেতুর প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না করেই সেতুর নির্মাণকাজ শুরু করায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। মধ্যখানে এসে নির্মাণকাজ থমকে যাওয়ায় দীর্ঘদিনের স্বপ্নের সেতু নিয়ে আবারো অনিশ্চয়তায় পড়েছেন এলাকাবাসী।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিংকি সাহা ২৭শে অক্টোবর জানিয়েছিলেন, সপ্তাহের মধ্যে কর্মকর্তারা সরজমিন ভূমি অধিগ্রহণের বিষয়ে কাজ শুরু করবেন। কিন্তু এরপরও কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সিলেট সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের শেষ প্রান্তে বড়ভাগা নদীর উপর প্রায় ১১ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ২৩৮ টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্য ও ৩.৮ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুর (ওয়াকওয়ে) নির্মাণকাজ পায় মেসার্স জামান এন্টারপ্রাইজ (জেবি) নামক ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রকল্পের আওতায় আধুনিক নকশায় গত বছরের ৩০শে নভেম্বর সেতুর আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়। ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না।

তাই ইতিমধ্যে আরও ছয় মাস মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সন্দীপ অধিকারী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়ভাগা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। বিগত দিনে একাধিকবার সেতু নির্মাণের আশ্বাস ও উদ্যোগ নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছিল। কিন্তু এখন ভূমি জটিলতায় ৫ মাস ধরে কাজ বন্ধ থাকায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই বাধা হয়ে দাঁড়িয়েছে। নদী পারাপারে নৌকা ও ঝুঁঁকিপূর্ণ বাঁশ-কাঠের সাঁকোর উপর নির্ভর করতে হয়েছে এলাকাবাসীকে। বর্ষায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

ভূমি মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে তারা জমি দিতে রাজি আছেন। কিন্তু ৬০ ভাগ কাজ করার পরও এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়নি। দ্রুত সার্ভে করে ভূমি জটিলতা নিরসন ও পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন বলেন, দুই-তিনদিনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে।