কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। বিবাহবহির্ভূত সম্পর্ক ও চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে তার এই পদত্যাগের ঘোষণা এলো। তার নেতৃত্বেই এনভিডিয়া বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেবেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে এনভিডিয়ার প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সেমিকন্ডাক্টর সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিনপসিসের সাবেক সিইও ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সদস্য হার্ভি জোনসকে।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হুয়াং পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়াচ্ছেন। প্রতিষ্ঠানের প্রায় ৩.৬১ শতাংশ শেয়ারের মালিক তিনি। বিনিয়োগকারীদের মধ্যে তার অবস্থান চতুর্থ। পদত্যাগের খবর প্রকাশের পর আগাম লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশের বেশি কমে যায়। এর প্রভাব পড়ে সামগ্রিক শেয়ারবাজারেও। বিবাহিত ৬৩ বছর বয়সী হুয়াংয়ের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে চাপ বাড়ছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীনা এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ওই নারীকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছেন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে বুধবার বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। হুয়াংকে পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি সেখানে বিবেচনা করা হয় বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত এক ব্যক্তি। এর আগে একই দিন নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ নির্বাহীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই নির্বাহী সরাসরি তার অধীনে কাজ করতেন।
হুয়াংয়ের বিদায়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়া গভীর অনিশ্চয়তার মুখে পড়তে পারে। একই সঙ্গে ব্যাহত হতে পারে এআই শিল্পের বিস্তৃত সরবরাহ ও বিনিয়োগব্যবস্থা। কারণ এনভিডিয়ার বিপুল পরিমাণ নগদ অর্থ ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং এআই খাতের বড় গবেষণাগারগুলোতে পুনরায় বিনিয়োগের মাধ্যমে এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হুয়াং।
ক্লিয়ারব্রিজ ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার মাইকেল ফেল্ডম্যান বলেন, এনভিডিয়ার প্রযুক্তিগত পরিকল্পনা হঠাৎ হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই। আগামী কয়েক বছরের পরিকল্পনা অনেকটাই দৃশ্যমান। বরং বড় ঝুঁকি হলো পরিকল্পনা বাস্তবায়ন। অত্যন্ত জটিল একটি ব্যবস্থার প্রধান সমন্বয়কারী ছিলেন হুয়াং। তিনি আরও বলেন, সরবরাহ ও উৎপাদনে নানা সীমাবদ্ধতা থাকা বর্তমান বিশ্বে এই সমন্বয়ক্ষমতাই একটি প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সুবিধা হয়ে উঠেছে। এদিকে এআই খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগে থেকেই উদ্বেগ রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল অর্থ ব্যয় এবং ঋণের পরিমাণ বাড়তে থাকায় এআই বিপ্লব শেষ পর্যন্ত প্রত্যাশিত মুনাফা এনে দেবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হুয়াংয়ের পদত্যাগের প্রভাব যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নীতিতেও পড়তে পারে। চীনের বাজারে এনভিডিয়ার প্রবেশাধিকার ধরে রাখার পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
রোববার ট্রাম্প বলেছিলেন, হুয়াং যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কাজ করেছেন। এনভিডিয়া প্রধান তাকে জানিয়েছেন, চীনা ওই নারীর সঙ্গে সম্পর্কের সময় তিনি জানতেন না যে ওই নারী গুপ্তচর।
তারকা সিইও হয়ে উঠেছিলেন হুয়াং
একসময় এনভিডিয়া মূলত উন্নত গ্রাফিকস কার্ডের জন্য গেমারদের কাছে পরিচিত ছিল। কিন্তু একই সঙ্গে বিপুলসংখ্যক হিসাব-নিকাশ করার সক্ষমতার কারণে প্রতিষ্ঠানটির তৈরি চিপ এআই বিপ্লবের অন্যতম প্রধান প্রযুক্তিতে পরিণত হয়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এসব চিপ এখন কৌশলগত সম্পদ। এরই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত হয় এনভিডিয়া।
এনভিডিয়ার এই উত্থান হুয়াংকে প্রযুক্তি জগতের তারকা সিইওতে পরিণত করে। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় তাকে ঘিরে ভক্তদের ভিড় দেখা যায়। অনেকে তার কাছে বই, পোস্টার, এমনকি শরীরেও অটোগ্রাফ নেন। বিভিন্ন অনুষ্ঠানে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দামে প্রভাব পড়ত। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক বাড়তে থাকে। অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তার সম্পর্কের খবর সামনে আসে। ওই নারী সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড সেবা প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের তদন্তে তাকে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তাইওয়ান, সিঙ্গাপুর ও ক্যালিফোর্নিয়ায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
এদিকে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ক্লাউড অংশীদার মেগাস্পিডের বিরুদ্ধেও তদন্ত করেছে ওয়াশিংটন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পেত। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছে উন্নত এআই চিপ পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি সহায়তা করেছে কিনা, তা খতিয়ে দেখা হয়েছে। তবে অ্যালিস হুয়াং গুপ্তচর নন বলে দাবি করেছে বেইজিং।
