ট্রাম্পের পর কে? ২০২৮ সালের প্রেসিডেন্ট দৌড়ে এগিয়ে চার নেতা

রয়টার্স/ইপসোসের জরিপ

ট্রাম্পের পর কে? ২০২৮ সালের প্রেসিডেন্ট দৌড়ে এগিয়ে চার নেতা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন চার রাজনীতিক। তারা হলেন রিপাবলিকান পার্টির জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এবং ডেমোক্রেটিক পার্টির জন ওসফ ও পিট বুটিজিজ। রয়টার্স/ইপসোসের সর্বশেষ এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

তবে এই চারজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি। দুই দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতে এখনো এক বছরের বেশি সময় বাকি। ফলে নতুন প্রার্থী আলোচনায় আসার পাশাপাশি ভোটারদের মতামত পরিবর্তনেরও যথেষ্ট সুযোগ রয়েছে।
জরিপে অংশ নেয়া রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ মনে করেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ‘চমৎকার’ হবেন। একই মূল্যায়ন করেছেন ৪৩ শতাংশ রিপাবলিকান ভোটার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ক্ষেত্রে।

অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের ২৯ শতাংশ করে সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজিজ এবং জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর জন ওসফকে ‘চমৎকার’ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করেন।
গত সোমবার শেষ হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রের মোট ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। এর মধ্যে দুই প্রধান দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার ছিলেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় ২০২৮ সালের নির্বাচন নিয়ে দুই দলের আলোচনাতেই তার প্রভাব রয়েছে।

রিপাবলিকানদের মধ্যে মতভেদ রয়েছে, তারা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এমন কাউকে প্রার্থী হিসেবে চান, নাকি তার রাজনৈতিক পথ অনুসরণ করবেন। অন্যদিকে ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে পরাজিত করার পর ডেমোক্রেটিক শিবিরেও মতভেদ দেখা দিয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থান নেয়া হবে, এমনকি তাকে অভিশংসনের উদ্যোগ নেয়া উচিত কিনা, তা নিয়েও দলটির ভোটাররা বিভক্ত। ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে তারা পছন্দ করেন, তা জানতে চেয়েছেন।

রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইপর্বে তিনি ‘অবশ্যই’ কাউকে সমর্থন দেবেন, এমন নয়।

রুবিওর চেয়ে ভ্যান্সকে কম পছন্দ অনেকের
ফ্লোরিডার আইনজীবী বারবারা রেজনার গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে বেশি পছন্দ করেন। তার মতে, ভ্যান্স অতিরিক্ত ডানপন্থি এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ।
রেজনার বলেন, ‘রুবিও নিজের দায়িত্ব পালন করতে পেরেছেন। তিনি অধিকাংশ মানুষের নজরের বাইরে থেকেছেন। কারণ তিনি অতিরিক্ত বামপন্থি, ডানপন্থি কিংবা অস্বাভাবিক কিছু করেননি।’

২০২৮ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে আরও অন্তত এক ডজন রাজনীতিকের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস অন্যতম। জরিপে ৩২ শতাংশ রিপাবলিকান ভোটার তাকে চমৎকার প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছেন।
ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজেরও সমর্থক রয়েছেন। তবে তাদের বিরোধীও কম নয়।

ডেমোক্রেটদের আলোচনায় ওসফ ও বুটিজিজ
ডেমোক্রেটিক শিবিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে জন ওসফ অনেক ভোটারের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন। দলটির নিবন্ধিত ভোটারদের ২৯ শতাংশ তাকে চমৎকার প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য আখ্যা দিয়ে সরাসরি বক্তব্য দেয়ায় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন ওসফ। গত সপ্তাহে জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে পুনর্র্নিবাচিত হয়েছেন তিনি। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে ট্রাম্প ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
একইভাবে ডেমোক্রেটিক ভোটারদের ২৯ শতাংশ পিট বুটিজিজকেও চমৎকার প্রার্থী মনে করেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। জাতীয় পর্যায়ে ওসফের তুলনায় বুটিজিজ বেশি পরিচিত।
জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন ডেমোক্রেটের একজন বুটিজিজকে চেনেন না। অন্যদিকে ওসফের নাম কখনো শোনেননি এমন ভোটারের সংখ্যা প্রায় প্রতি তিনজনে একজন।

রিপাবলিকানদের মধ্যে ভ্যান্সকে না চেনেন এমন ভোটার খুব কম। তবে প্রায় ছয়জনের একজন রুবিও সম্পর্কে জানেন না। প্রার্থীদের ক্ষেত্রে আগেভাগে পরিচিতি তৈরি হওয়া নির্বাচনী প্রচারের খরচ কমাতে সহায়তা করে। তবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর স্বল্পপরিচিত প্রার্থীর জনপ্রিয় হয়ে ওঠার নজিরও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল।
ডেমোক্রেটিক পার্টির মধ্যে ওসফ ও বুটিজিজকে মধ্যপন্থি হিসেবে বিবেচনা করা হয়। দলটির ভোটারদের একটি অংশের কাছে এই অবস্থান আকর্ষণীয়।

রয়টার্স/ইপসোসের জরিপে ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন পরিচিত নেতার অবস্থানও উঠে এসেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম—দুজনকেই ২৩ শতাংশ ডেমোক্রেট ভোটার চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।
অন্যদিকে নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে এই মূল্যায়ন দিয়েছেন মাত্র ১৫ শতাংশ ভোটার।

মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওকাসিও-কর্টেজ বলেছেন, ট্রাম্পকে অভিশংসনের বিষয়টি বিবেচনার টেবিলে থাকা উচিত। তবে বুটিজিজ নিউ ইয়র্কার সাময়িকীকে বলেছেন, অভিশংসন নিয়ে তিনি ‘খুব একটা আগ্রহী নন’।

ডেমোক্রেটিক পার্টির কৌশলবিদ এলেইন কামার্ক অবশ্য ২০২৮ সালের নির্বাচন নিয়ে এত আগে জনমতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছেন।
তিনি বলেন, ‘২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরের বিষয়। দুই দলেরই অনেক নেতা এখনো সিদ্ধান্ত নেননি তারা নির্বাচনে লড়বেন কি না। কে প্রার্থী হতে পারেন, তা হয়তো অনুমান করা সম্ভব। কিন্তু কে এগিয়ে থাকবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যায় না।’