কুমিল্লায় ১১ দিনে পুলিশের অভিযানে আটক ২৭৬৫

ফন্ট সাইজ:

কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে ১লা নভেম্বর থেকে ১১ই নভেম্বর মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরীসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়েছে। উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।