ঈদ মানেই সিনেমা দেখার ধুম। সেই আনন্দ জোয়ারে এবার নাম লেখালেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালিত সিনেমা ‘আবার দেখা হলে’। সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী নাজিফা তুষি। তিনি এতে অভিনয় করবেন সিয়াম আহমেদের বিপরীতে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তারা। তারকার চমক এখানেই শেষ নয়। ‘আবার দেখা হলে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও রয়েছেন— দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রেজওয়ান পারভেজ।
সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্মি ফিচারস’। সিনেমাটির সঙ্গে সহ-প্রযোজক এবং অফিসিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফরম ‘চরকি’। ‘আবার দেখা হলে’ সিনেমা হলের জন্য নির্মাতা শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নাজিফা তুষি। তিনি বলেন, ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারবো না।
তবে এর মূল বিষয় বা ভাবনা হলো— নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া কিংবা নিজেকে ফিরে দেখা, ফেলে আসা বিষয়গুলোকে খোঁজা বা আত্মিক সংযোগ। দর্শকের সামনে এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে ভিন্ন ভিন্ন সময়কালে। যা দর্শকদের নিয়ে যেতে পারে স্মৃতিঘেরা সফরে। নির্মাতা জানিয়েছেন, এই আবেগগুলোকে অর্থপূর্ণ করে তুলবে সিনেমার আবহ সংগীত ও গান। যা চলচ্চিত্রের অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বলে মনে করেন নির্মাতা।
