শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল খেলার সময় গোড়ালিতে চোট পান রাইটব্যাক সাদ উদ্দিন। ৮০ মিনিটে তাঁর বদলি হিসেবে মাঠে নামেন রহমত মিয়া। ম্যাচশেষে সংবাদ সম্মেলনেই বাংলাদেশ কোচ টমাস ডুলি শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘সাদের টুর্নামেন্ট হয়তো এখানেই শেষ।’
আজ অনুশীলনের আগে সাদকে নিয়ে খারাপ খবরই দিয়েছেন জামাল ভূঁইয়া । তিনি বলেন, তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে বলে শুনেছি। এমন চোটে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে সাদকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাই পুরো স্কোয়াডকেই প্রয়োজন বলে মনে করেন জামাল।
আগের রাতে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল সকাল দশটায় দল নিয়ে অনুশীলনে চলে আসেন কোচ থমাস ডুলি। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জামাল। শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তানকে ভালো দল মনে করেন জামাল । তাই পরের ম্যাচে সবাইকে প্রস্তুত থাকার তাগিদ দিয়েছেন তিনি।
সাদ উদ্দিনের চোট নিয়ে জামাল বলেন, ‘আমাদের পুরো স্কোয়াড দরকার। সাদ ইনজুরড হয়েছে, তাই বিকল্প প্রয়োজন। হৃদয়কে সেন্টারব্যাক হিসেবে খেলতে দেখেছেন। এ কারণেই পুরো স্কোয়াড গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জামাল। চার গোলের পাশাপাশি ক্লিন শিট রাখাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। জামাল বলেন, ‘আমরা চারটি গোল করেছি, আবার ক্লিন শিটও পেয়েছি। সব মিলিয়ে সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত একক নৈপুণ্যের গোলটি বিশেষভাবে মুগ্ধ করেছে জামালকে। জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা তিন গোলের একটি হতে পারে এটি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তবে ফারহানকে মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করতে চান না তিনি। জামাল বলেন, ‘আমি চাই ফারহান নিজের পরিচয়েই বড় হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’
এদিকে হামজা চৌধুরীর অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন জামাল। তাঁর মতে, হামজা অধিনায়ক হওয়ার যোগ্য এবং বাংলাদেশের সেরা খেলোয়াড়। জামাল বলেন, ‘হামজা দলের সবচেয়ে বড় তারকা, সেরা খেলোয়াড়। তার জন্য আমি খুবই খুশি।’
