জামালপুরে ৬০০ টাকা মণ কাঁচামরিচ, দাম না পেয়ে হতাশ কৃষক

জামালপুরে ৬০০ টাকা মণ কাঁচামরিচ, দাম না পেয়ে হতাশ কৃষক

ফন্ট সাইজ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বেড়েছে কাঁচামরিচের আবাদ। অনুকূল-প্রতিকূল নানা পরিস্থিতি মোকাবিলা করে বাম্পার ফলন হলেও ভরা মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ১৭ টাকা দরে। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় মাঠপর্যায়ে মরিচের দাম অনেক কম। অথচ একই উপজেলার খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। পাশাপাশি মাদারগঞ্জ থেকে ঢাকাসহ সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন আড়তে মরিচ সরবরাহের পর তা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। উৎপাদক ও ভোক্তা পর্যায়ে দামের এমন ব্যবধান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা। উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা গ্রামের মরিচচাষি শিপন জানান, এবার সার, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় প্রতি বিঘা জমিতে মরিচ চাষ করতে ৪৫ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু বর্তমান বাজারদরে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলাও সম্ভব হবে না। এতে এবার কৃষকদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।
একই গ্রামের কৃষক রাসেল খান বলেন, ‘ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করেছি। প্রথম দিকে ভালো দাম পেলেও বর্তমানে পাইকারি বাজারে দাম পাওয়া যাচ্ছে না। শুক্রবার উপজেলার সর্ববৃহৎ কাঁচামরিচের হাট গাবের গ্রাম বাজারে প্রতি কেজি মরিচ ১৫ টাকা, অর্থাৎ প্রতি মণ ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। এ দামে মরিচ বিক্রি করে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এ কারণে মরিচচাষিরা হতাশ হয়ে পড়েছেন।’ উপজেলার জোড়খালী ইউনিয়নের মরিচচাষি আব্দুল খালেক জানান, পলিমালচিং পদ্ধতিতে তিন বিঘা জমিতে উচ্চফলনশীল ময়নামতি জাতের মরিচ চাষ করেছেন তিনি। গত বছরের তুলনায় এবার জমি চাষ, সেচ, বীজ, সার-কীটনাশক, যাতায়াত ও শ্রমিকের মজুরিসহ সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। পাশাপাশি সার সংগ্রহেও বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে ন্যায্যমূল্য না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ইতিমধ্যে ১ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি। এর মধ্যে আগাম মরিচ চাষ হয়েছে ৩০০ হেক্টর জমিতে। এ ছাড়া পলিমালচিং পদ্ধতিতে ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ করেছেন কৃষকেরা।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মরিচের আবাদ হওয়ায় এবার উপজেলায় কাঁচামরিচের উৎপাদন ৪২ হাজার টন ছাড়িয়ে যেতে পারে। মাদারগঞ্জের স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত মরিচ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, মরিচ চাষে কৃষকদের উৎসাহিত করতে দুই শতাধিক কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। পাশাপাশি পলিমালচিং পদ্ধতিতে মরিচ চাষ সমপ্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে।