বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। চলাফেরার একমাত্র ভরসা একটি লাঠি। তবু থেমে নেই জীবনসংগ্রাম। সকাল হলেই লাঠিতে ভর দিয়ে বেরিয়ে পড়তে হয় রাস্তায়। মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়ে কিনতে হয় চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এরপর নিজ হাতে রান্না করে অসুস্থ স্বামীকে নিয়ে খেতে বসেন। কোনোদিন ভিক্ষা করতে না পারলে চুলা জ্বলে না, কাটে অনাহারে। এভাবেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামের আমবেলা বেগম (৭০)। অসুস্থ স্বামী আফতর হোসেনকে নিয়ে প্রায় ১৫ বছর ধরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে দিঘীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। মানুষের কাছে হাত পেতে পাওয়া সামান্য অর্থই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। সম্প্রতি শায়েস্তাগঞ্জ শহরে ভিক্ষা করার সময় এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় আমবেলার। তুলে ধরেন বার্ধক্য, দারিদ্র্য ও পারিবারিক অশান্তিতে বিপর্যস্ত জীবনের করুণ চিত্র। আমবেলা জানান, একসময় তার স্বামী আফতর হোসেন কৃষিকাজ করতেন। একমাত্র ছেলেকে নিয়ে মোটামুটি ভালোই চলছিল সংসার। কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর সংসারে অশান্তি শুরু হয়। একপর্যায়ে ছেলের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। এর মধ্যে স্বামীর শারীরিক অবস্থারও অবনতি ঘটে। অসুস্থ স্বামীকে নিয়ে গ্রামে টিকে থাকা কঠিন হয়ে পড়লে তারা চলে আসেন শায়েস্তাগঞ্জে। প্রায় ১৫ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন এই দম্পতি। জীবিকার তাগিদে আমবেলা বেগম বেছে নেন ভিক্ষাবৃত্তি। বর্তমানে তাদের একমাত্র ছেলে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বজনগ্রামে বসবাস করেন। অন্যদিকে বৃদ্ধ মা-বাবাকে কাটাতে হচ্ছে চরম অভাব-অনটনের মধ্যে। অসুস্থ স্বামীর দেখাশোনা, বাজার করা, রান্নাবান্না এবং খাবার জোগাড়- সব দায়িত্বই সামলাতে হচ্ছে ৭০ বছর বয়সী আমবেলা বেগমকে। তিনি বলেন, শরীর আর আগের মতো সায় দেয় না। তবু বেঁচে থাকার তাগিদে প্রতিদিন ভিক্ষা করতে বের হন। সারাদিন শহরের বিভিন্ন স্থানে ঘুরে যা পান, তা দিয়ে বিকালে বাজার করে বাসায় ফেরেন। আমবেলার অভিযোগ, সরকারি ভাতার কার্ডের জন্য স্বজনগ্রামের স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার গিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্ড পাননি। দীর্ঘদিন চেষ্টা করেও সহায়তা না পাওয়ায় এখন আর কার্ড পাওয়ার আশাও করেন না। সাবেক সরকারি কর্মকর্তা কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়ের ভাষায়, আমবেলার এই জীবনসংগ্রাম অসহায় প্রবীণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। তার মতো অসহায় দম্পতির প্রকৃত অবস্থা যাচাই করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা প্রয়োজন। জীবনের শেষ প্রান্তে এসে আমবেলা বেগম ও তার স্বামীর চাওয়া খুব বেশি নয়। তারা চান অন্তত দু’বেলা খাবার এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের অসহায়ত্ব বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ভিক্ষা জুটলে চুলা জ্বলে নয়তো উপোস
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
