খেলনা পিস্তলকে আসল অস্ত্রের মতো প্রদর্শন করে চার্চের পরিচালকের স্ত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এদিকে লুটের ঘটনায় জড়িত অন্য ৩ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চ হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে লক্ষ্য করে ৪ যুবক লুটের চেষ্টা চালায়। এ সময় তারা খেলনা পিস্তল প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে তাদের ধাওয়ায় মো. রফিক (২৫) নামে এক যুবক আটক হয়। এ সময় তার কাছ থেকে দু’টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। তবে নগদ ২ লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে দলের অন্য ৩ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের মারধরে রফিক গুরুতর আহত হলে সন্ধ্যা ৭টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিক বাঙ্গালহালিয়ার মুন্সিপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। অপর পলাতক অভিযুক্ত মো. আকাশ (২৪) একই ইউনিয়নের শফিপুর এলাকার মোহাম্মদ আলী করিমের ছেলে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, ৪ জনের একটি দল ডাকাতির ঘটনা ঘটায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এর আগেই জনতার মারধরে সে গুরুতর আহত হয়েছিল। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দু’টি স্বর্ণের আংটি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। অন্য ৩ জন নগদ ২ লাখ টাকাসহ পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খেলনা পিস্তলেই ডাকাতি ধরা পড়ার পর গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
রাঙ্গামাটি প্রতিনিধি
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
