হানিট্র্যাপে কোটি টাকা ও হাজার শতক জমি দখলের অভিযোগ

ফন্ট সাইজ:

হানিট্র্যাপের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে দেড় কোটি টাকা ও এক হাজার শতকের বেশি জমি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মো. ফখরুল ইসলাম। তার অভিযোগ, সম্পত্তি-সংক্রান্ত বিরোধ এবং আগের একটি মামলার সাক্ষী হওয়ায় তার বাবা আব্দুল মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত ৫ই নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। জানা যায়, আব্দুল মমিনকে হানিট্র্যাপের ফাঁদে ফেলে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হতো। একপর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার পাশাপাশি নগদ দেড় কোটি টাকা এবং তার মালিকানাধীন এক হাজার শতকের বেশি জমি বিভিন্ন ব্যক্তির নামে দলিল ও আমমোক্তারনামার মাধ্যমে নিবন্ধন করে নেয়ার অভিযোগ করা হয়েছে। আরও জানা যায়, গত ১৬ই আগস্ট রাত আনুমানিক ৮টা ৫৬ মিনিটে লাকসাম উপজেলার বিজরা বাজারের উত্তর পাশে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল মমিন। প্রথমে তাকে কুমিল্লার মডার্ন হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ই আগস্ট ভোররাত ৪টা ৩২ মিনিটে তার মৃত্যু হয়। পরিবার প্রথমে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করেছিল। এ ঘটনায় লাকসাম থানায় ২০শে আগস্ট সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। মামলার বাদী ফখরুল ইসলাম বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পেছন থেকে ধাক্কা দেয়া হয়েছিল। এটি নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। তাই এ হানিট্র্যাপের ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা করেছি। কারণ আগের মামলার বিচারপ্রক্রিয়া ও সম্পত্তি হারানোর আশঙ্কা থেকে আমার বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং একই সঙ্গে আমাদের জমি ও টাকা উদ্ধার করা হোক। লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, মামলার বিষয়টি খতিয়ে দেখবো। আদালতের কাগজপত্র এখনো থানায় এসে পৌঁছায়নি। কাগজপত্র পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।