নোয়াখালীতে যুবক হত্যায় জড়িতদের বিচার দাবিতে সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ হোসেন মনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। বুধবার বিকালে চৌমুহনী বাজারে নোয়াখালী-চট্টগ্রাম প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় সড়কে উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবরোধের দেড় ঘণ্টা পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুল কবির এসে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়। বিক্ষোভকারীদের দাবি, হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান খুনি ফুয়াদ, রিমন, জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বিক্ষোভকারীরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন— নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়াসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৮ই নভেম্বর রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরীর বাড়ির বুল মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামুন নামে আরও একজন গুরুতর আহত হন।