জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকা রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় আটক

ফন্ট সাইজ:

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে বছরে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে চেকপোস্ট এলাকার একটি শক্তিশালী দালাল চক্র। বুধবার সকালে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তারা এ ধরনের অপরাধ করবেন না— এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

তারা হলো— বণিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দীপা রানী, দেব কুমার। ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বিশ্বজিৎ জানান, তারা বাংলাদেশে এসেছিলেন। বুধবার তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছিলেন। এ সময় দ্রুত সিরিয়াল ছাড়া ভারতে পাঠিয়ে দেয়ার কথা বলে বেনাপোল চেকপোস্ট এলাকার মিলন হোসেন খান ও তার ভাই রিপন হোসেন নামে দুই পরিবহন কর্মচারীর কাছে তারা পাসপোর্ট জমা দেন। এ সময় ভ্রমণ করের জাল রসিদ সরবরাহ করে তাদের হাতে ধরিয়ে দেন। পরে তারা কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, মিলনের বিরুদ্ধে পোর্ট থানায় মানবপাচারের একটি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, এই চক্রটি প্রতিদিন তাদের পরিবহনে আসা পাসপোর্টধারীদের কাছ থেকে ভ্রমণ করের নামে জনপ্রতি ১২০০ টাকা আদায় করে। পরে চক্রটি চেকপোস্টের বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে যাত্রীদের হাতে তুলে দেয়। এসব জাল রসিদ ব্যবহার করে এ যাবত যাত্রীদের কাস্টমস কার্যক্রম পার করে আসছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্টে মিলন ও রিপনের নেতৃত্বে ভ্রমণ কর জালিয়াতির একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, এই জালিয়াতি চক্র ধরা পড়লেও শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না।