চট্টগ্রামের কর্ণফুলীতে পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মিছিল ও যানবাহন ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে নাম উল্লেখ করা ৩৬ জনকেই পলাতক দেখানো হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
এজাহারে নাম থাকা ৩৬ আসামির বেশির ভাগই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাঁদের মধ্যে কয়েকজন জনপ্রতিনিধিও রয়েছেন। তাঁরাও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবিতে রয়েছেন বলে জানা গেছে। মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন সাজিদ কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
জানা গেছে, গত ১০ নভেম্বর ভোরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর কৈচগ্রাম নতুন রাস্তার মাথায় নাছিরের চায়ের দোকানের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন ভোর আনুমানিক ৬টা ২৫ মিনিটে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কের ওপর পুরোনো গাড়ির টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০টি বাঁশের লাঠি, আগুনে পোড়া টায়ারের দুটি অংশ, দুটি পুরোনো টায়ার এবং বিভিন্ন আকারের ১৫ টুকরা ইট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
মামলার এজাহারে নাম উল্লেখ করা ৩৬ আসামি হলেন— সাজ্জাদ হোসেন সাজিদ (৩০), সাঈদ হোসেন রিমন (৩০), আবু তাহের (৩২), মো. সাইফুদ্দিন প্রকাশ সাইফু (৩৫), ইয়াকুব হোসেন জনি (৩২), শেখ ইরফান (২৫), মো. দাউদুজ্জামান লিটন (৩৫), মো. আইয়ুব (৪০), শেখ ইউসুফ (২৮), আব্দুল মান্নান খান (৫১), নাজিম উদ্দিন মেম্বার (৪৭), আবু তাহের (৩৬), মো. সেলিম (৪০), আবদুল্লাহ আল মামুন (৪০), মো. আবিদ হোসেন (৩৫), পারভেজ ইসলাম টিটু (৩০), মোহাম্মদ সেলিম (৪২), আবদুল আজিজ (২৯), সাজ্জাদ হোসেন সুমন মেম্বার (৪২), জয়নাল (৩৫), মুরাদ মেম্বার (৫৫), মিনহাজ উদ্দিন মিন্টু (৩৬), মো. সাইফুদ্দিন মেম্বার (৪২), আলী নূর (৩৫), মোহাম্মদ কায়সার (৩৭), মোহাম্মদ নুরুল আবছার (৩৬), মো. খোকন (৩৯), মো. হারুন প্রকাশ নেভী হারুন (৫৩), সাদেকুর রহমান বাচ্চু (৩২), ইদ্রিস মেম্বার প্রকাশ বাবুল (৪৮), মোহাম্মদ তারেক (৩২), মোহাম্মদ ইমতিয়াজ (৪৫), আয়ান কবির (২৮), মোহাম্মদ আবু তালেব মেম্বার (৪০), আবদুল মজিদ (৩৫) ও বাহাদুর খান (৩৫)। এজাহারে তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ জানান, মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
