ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আব্দুল জলিলের আপন বড় ভাই মো. শহিদ (৬৬)কে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল জলিল ও আটক মো. শহিদ দু’জন ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তার বড় ভাই শহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শহিদ তার ছোট ভাই আব্দুল জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জলিলের। এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
